
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোভার গবেষণা ও উদ্ভাবনী দল “টিম অগ্রদূত” আন্তর্জাতিক রোবোটিক্স অঙ্গনে আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোভার প্রতিযোগিতা Anatolian Rover Challenge (ARC) 2026-এ অংশ নিয়ে দলটি বিশ্বব্যাপী ১৩তম স্থান অর্জন করেছে। একই সঙ্গে ডিজাইন ক্যাটাগরিতে ৫০-এর মধ্যে ৪৮.৫৯ নম্বর পেয়ে প্রতিযোগিতার অন্যতম সেরা স্কোরও অর্জন করেছে তারা।
জানা গেছে, আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তুরস্কের আঙ্কারায় অবস্থিত Middle East Technical University (METU) ক্যাম্পাসে প্রতিযোগিতাটির মূল পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রোভার দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে রুয়েটের “টিম অগ্রদূত”।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই “টিম অগ্রদূত” দেশ-বিদেশের বিভিন্ন রোভার ও স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। ২০১৮ সালে অনুষ্ঠিত Indian Rover Challenge-এ অংশ নিয়ে দলটি এশিয়ার শীর্ষ প্রতিযোগীদের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করে। পরবর্তীতে ২০১৯ সালে পোল্যান্ডে আয়োজিত European Rover Challenge-এ বিশ্বব্যাপী ২৭তম স্থান লাভের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়।
একই ধারাবাহিকতায় International Rover Design Challenge (IRDC) 2023-এ দলটি বিশ্বে ১১তম এবং বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করে ব্যাপক প্রশংসা কুড়ায়। এছাড়া IRDC 2025-এ Semi-Finalist এবং IRC 2025-এ Finalist হওয়ার মাধ্যমে বাংলাদেশের অন্যতম সফল রোভার টিম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে তারা।
প্রতিযোগিতামূলক অর্জনের পাশাপাশি বাস্তবমুখী প্রযুক্তি উদ্ভাবনেও দলটির অবদান উল্লেখযোগ্য। ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি Bomb Disposal Robot তৈরি করে “টিম অগ্রদূত”, যা তাদের গবেষণা সক্ষমতা, প্রকৌশল দক্ষতা এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরির সক্ষমতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
দলটির সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য উন্নত Autonomous Rover Technology নিয়ে গবেষণা ও উন্নয়ন এবং তরুণ প্রকৌশলীদের হাতে-কলমে উদ্ভাবনী কাজের সুযোগ সৃষ্টি করা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবকদের অনুপ্রাণিত করাও তাদের অন্যতম উদ্দেশ্য।
বর্তমানে দলটি ARC 2026-এর চূড়ান্ত প্রস্তুি নিয়ে ব্যস্ত সময় পার করছে। অত্যাধুনিক রোভার ডিজাইন, অটোনোমাস নেভিগেশন, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং রিয়েল-টাইম অপারেশনভিত্তিক গবেষণায় তাদের চলমান কার্যক্রম ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরা এবং বিশ্ব রোবোটিক্স অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রুয়েটের “টিম অগ্রদূত”।
