
এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলায় পানির মোটর (পানির পাম্প) চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি পানির মোটর উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শান্ত (২৫), ইমন (২১) ও নাসির (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বেতাগী পৌর শহরসহ আশপাশের এলাকায় একের পর এক পানির মোটর চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। চুরি হওয়া পানির মোটর উদ্ধারে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় চোর চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বেতাগী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৭, তারিখ ১৩ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি শহর ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। তাই চুরি প্রতিরোধে পুলিশের অভিযান আরও জোরদার করার পাশাপাশি চুরি যাওয়া মোটরগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
