আজ- শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিই প্রকৃত জনগণের দল: এমপি মিলন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, বিএনপিই প্রকৃত জনগণের দল—এমন মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর গত আট-নয় মাসে চারবার হরিপুর পরিদর্শন করেছেন। এ সময় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করেছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে। আগামী চার বছরের মধ্যে হরিপুরসহ সারা দেশের সাড়ে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলেও জানান তিনি।

হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নদীপাড়ের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে এমপি মিলন সেখানে একটি সাইক্লোন সেন্টার নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি একটি হেলথ কমপ্লেক্স নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনকারীদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এবার দলীয় বা জাতীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না। তবে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের সুপারিশের ভিত্তিতে যোগ্য ও জনসমর্থিত প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।

বক্তব্যের শেষে এমপি মিলন নেতাকর্মীদের জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান। তারেক রহমানের নির্দেশনায় ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দেশের প্রয়োজনে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব আব্দুল মান্নাফ মুন্নার সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলী হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিএনপির সদস্য শাহজাহান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও কুতুব উদ্দিন বাদশা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলা যুবদলের সদস্য ফরিদউদ্দিন সাহেব জাদা, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: