আজ- সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালিয়া ও কাটাখালী থানার অভিযানে মদ-গাঁজাসহ গ্রেফতার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা, ৯ হাজার মিলিলিটার বাংলা মদ ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা ও মাদক বিক্রির দুই হাজার টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশ এসব অভিযান চালায়।

পুলিশ জানায়, রাত পৌনে ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ আলমগীর কবিরের ভাটা থেকে সুচারনগামী হেয়ারিং সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিকশার চালক গাড়িটি রেখে পালিয়ে যান। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

একই সময়ে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানাকে (৪৮) গ্রেপ্তার করে। তিনি রামচন্দ্রপুর কেদুরমোড় গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তাঁর কাছ থেকে ৪৫ বোতলে থাকা মোট ৯ হাজার মিলিলিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

এর আগে রাত ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ পাঠানপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে মৃত নিমরোজ আলীর ছেলে মো. সাব্বিরকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দুই হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, অটোরিকশা ফেলে পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার করা গাঁজার প্রকৃত মালিককে শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: