আজ- , ,

রাজশাহীতে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসার পর তাঁর নির্দেশনায় এক ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আরএমপি মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বলেন, পূর্ববিরোধের জেরে বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার কয়েকজন যুবক ওই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা কালুমিস্ত্রির মোড় এলাকায় ওই ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি, অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করেন। একই সঙ্গে তাকে রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ১৪ আগস্ট বোয়ালিয়া থানায় মামলা করা হয়। মামলার পর বিকেল সাড়ে ৪টার দিকে কালুমিস্ত্রির মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—মো. বাবুর ছেলে বান্টি হাসান (১৮), মো. জিয়াদের ছেলে রিয়াজন (২০) এবং মো. এনামুল হকের ছেলে তাসিন লাবিব (১৯)।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
14 August 2026

রাজশাহীতে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal