
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিকের ব্যবস্থাপনায় এবার মহানগরীর ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুসহ মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সুযোগ গ্রহণ করুন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
এ সময় পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাসিক সূত্রে জানা গেছে, মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া ক্যাম্পেইনের দিন ওয়ার্ড কার্যালয়গুলোতে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে দুইজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
