
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি), রাজপাড়া ও মতিহার থানা এবং বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় অভিযান চালিয়ে শাহমখদুম থানার বড়বনগ্রাম কোচপাড়া এলাকার মৃত তাহসেনের ছেলে সারোয়ার জাহান ওরফে সারু (৪৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও ৩ দশমিক ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি ও পেনাল কোডে একটি মামলা রয়েছে।
একই দিন বিকেল ৩টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সিপাইপাড়া এলাকার মৃত জসিম ওরফে জসির ছেলে মো. শাহিন (৫০)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে।
এদিকে, সকাল পৌনে ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ শ্রীরামপুর এলাকার মো. আব্দুল ওহাব হোসেনের ছেলে মো. ইমন হোসেন ডলারের (৩৪) বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় তিনটি ও পবা থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই দিন বেলা পৌনে ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া এলাকায় অভিযান চালিয়ে রাজশাহীর তানোর থানার সিধাইর এলাকার মৃত এমাজের ছেলে মো. ফিরোজকে (২৭) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে তানোর থানায় দুটি সিআর মামলা ও একটি পেনাল কোডের মামলা রয়েছে।
অন্যদিকে, গত ৮ অক্টোবর রাত ৮টার দিকে মতিহার থানা পুলিশ রুয়েট ক্যাম্পাস গেট এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মৃত মান্নান বিশ্বাসের ছেলে মো. মানিক বিশ্বাস (৪৫) ও তাঁর স্ত্রী মোসা. জিন্নাতুন নেছা (৬৯) পালিয়ে যান। পরে তাঁদের ফেলে যাওয়া ২২টি ইয়াবা ট্যাবলেট, ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭০৪ টাকা জব্দ করা হয়। মানিকের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় চারটি মাদক মামলা রয়েছে।
এ ছাড়া, গত ৯ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিসিক সপুরা এলাকায় অভিযান চালিয়ে মালদা কলোনি এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. ইসমাইলকে (৩৩) গ্রেপ্তার করেন। তাঁর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া, পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
