
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার।
সভায় ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। তিনি তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, ফুটপাত ব্যবস্থাপনা ও যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।
তিনি ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মচারী নিয়োগের আগে তাঁদের পরিচয় যাচাই, আর্থিক লেনদেনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ধারণকৃত ফুটেজ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চোরাই পণ্যের কেনাবেচা, ওজনে কম দেওয়া, ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং নারীদের উত্ত্যক্ত করার মতো অপরাধ প্রতিরোধে ব্যবসায়ী সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, সিটি করপোরেশন ও ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি। পুলিশের নাম ভাঙিয়ে কেউ অবৈধভাবে অর্থ আদায় করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কমিশনার।
এ ছাড়া জিরো পয়েন্ট ও মনিচত্বর এলাকার যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণ, উপযুক্ত স্থানে ইউটার্নের ব্যবস্থা এবং সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
নগরবাসীকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অপরাধ ও মাদকসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান পুলিশ কমিশনার। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও অস্ত্রধারী পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরেন তিনি। ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলে আপসের পরিবর্তে মামলা দায়ের করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত রাজশাহী গড়ে তুলতে পুলিশ প্রশাসন, ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মো. দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ফরিদ মাসুদ হাসানসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
