
নিজস্ব প্রতিবেদক:
নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ সেবনে বিভিন্ন সময় দেশে শিশুসহ প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঠিক এমনটাই হতে চলেছিল শিশু তুবার সাথে। রাজশাহী নগরীর ঘোষপাড়া মোড়ের লাইফ কেয়ার মেডিকোর দেওয়া নকল ওষুধ খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিশু তুবা (২) ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তুবার মা রেহেনা পারভিন টুম্পা।
তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি আমার বাচ্চা তুবার সর্দি কাশির জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিলব্যাক সহ ৩ টি ওষুধ দেয়। কিলব্যাক ওষুধটি পাউডার, এটি সাসপেনশন তৈরী করা লাগে কিন্ত আমি এটি তরল অবস্থায় পাই। ৪/৫ বার খাওনোর পর আমার বাচ্চা বেশি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার বলে এই ওষুধ খাওয়ার কারণে এইরকম হয়েছে।
পরবর্তীতে ফার্মেসীকে জানালে তারা আমাদের ম্যানেজ করার জন্য বিভিন্ন জনের মাধ্যমে যোগাযোগ করে। তাদের কথা না শুনে আমরা এই বিষয়ে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই অবিলম্বে নকল ওষুধ বিক্রির দোকান বন্ধ করে দেওয়া হোক এবং তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।
টুম্পা আরো বলেন, আজকে আমার মেয়ে যদি মারা যাইতো বা অন্য কেউ এই ওষুধ নিয়ে গিয়ে তাদের ক্ষতি হতে পারতো তাহলে ওরা কি ক্ষতি পূরুন দিতো?
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে দোকান মালিক ও কর্মচারী জানান, আমাদের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে গেছে। কোম্পানি যেভাবে দিয়ে গেছে আমরা সেভাবে বিক্রি করেছি।
