
মো: শাহান আলি, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (২৪) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত আরিফ শিকদার পৌর শহরের প্রান্নাথপুর গ্রামের মৃত মোক্তার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক হিসেবে কাজ করতেন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ও রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
নিহতের মা খুকুমনি বেগম জানান, আরিফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে কাজে ফিরলেও দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান। এরপর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন।
তিনি আরও জানান, রোববার রাতে খাবার খেয়ে আরিফ তার শারীরিক কষ্টের কথা বলে কান্না করছিল। পরে তাকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে পাঠানো হয়। সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
