
মোঃ শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক দরিদ্র কৃষকের চুরি হওয়া ৬টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকার একটি বাথান থেকে স্থানীয় আজিজুল সরদারের ছেলে দরিদ্র কৃষক ভুট্টো সরদারের ৪টি গাভী ও ২টি বাছুর চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ভুট্টো সরদার শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর শাহজাদপুর থানার একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে।
অভিযান চলাকালে চুরির সাথে জড়িত খোয়াজ ফকিরের ছেলে উজ্জল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, পোতাজিয়া ইউনিয়নের বাথান এলাকা থেকে সংঘবদ্ধ একটি চোর চক্র ৬টি গরু চুরি করে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া গরু উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ঘটনার সাথে মোট ৬ জন জড়িত ছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত উজ্জলকে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়াও আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিক ভুক্তভোগী কৃষকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
