আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার উল্টে চালকের মৃত্যু

by Prokash Kal
৬২২ views

শাহান আলী, প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শেষ সীমানা উল্লাপাড়া উপজেলার জংলীপুর ব্রিজ এলাকায় তেলবাহী একটি ট্যাংকার উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় সোহাগ (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজট।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তেলভর্তি ট্যাংকারটি বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জংলীপুর ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়ির সামনের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি ব্রিজের উপরেই উল্টে যায়। তেল ভর্তি ভারী যানটি উল্টে পড়ার সঙ্গে সঙ্গেই চালক সোহাগ ঘটনাস্থলেই মারা যান।

ট্যাংকারটির সহকারী (হেলপার) মিজানুর রহমান (৬৫) জানান, “আমি ও সোহাগ ভাই বাঘাবাড়ি থেকে তেল নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছিলাম। জংলীপুর ব্রিজের কাছে আসার পর হঠাৎ একটি চাকা ফেটে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। সোহাগ ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান। আমি কোনোভাবে প্রাণে বেঁচে যাই।”

নিহত চালক সোহাগের বাড়ি বগুড়া জেলার ধামরাইল উপজেলায় বলে জানা গেছে। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার ফলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। দ্রুত হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কটিতে ভারী যানবাহনের চাপ প্রতিনিয়ত বাড়ছে, অথচ রাস্তাটি সংস্কারের অভাবে নানা স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে মহাসড়কের অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত তদারকির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

 মহাসড়কে যান চলাচল ব্যাহত, পরে হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণে আনে

You may also like

Leave a Comment

শিরোনাম: