আজ- , ,

সাংবাদিক আলিফ হত্যা: নিরপেক্ষ তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নেত্রকোনার পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভা করতে চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। এ লক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় ইউনিটের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) নির্ধারিত তারিখে পাঠানোর জন্য প্রস্তুত করা আবেদনে সংগঠনটির কেন্দ্রীয় ইউনিটের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবিরের পক্ষ থেকে পুলিশ সুপারের সুবিধাজনক সময়ে মতবিনিময় সভা অথবা সৌজন্য সাক্ষাতের সুযোগ চাওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ১৭ অক্টোবর দিবাগত রাতে মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আদালতে তাঁকে হাজির করে পুনরায় রিমান্ডের আবেদন করা হলে ২০ অক্টোবর আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা হয়নি।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের আবেদনে বলা হয়েছে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং সম্ভাব্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করা জরুরি। পাশাপাশি মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্ভুল তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আবেদনে আরও বলা হয়, হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া, মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করতে আগ্রহী সংগঠনটি।

এতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ইউনিটের নেতৃবৃন্দের পাশাপাশি ময়মনসিংহ অঞ্চল ও নেত্রকোনা জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক সাংবাদিক ও সংগঠনের প্রতিনিধির অংশগ্রহণের আগ্রহের কথা জানানো হয়েছে।

আবেদনে নেত্রকোনার পুলিশ সুপারের কাছে সুবিধাজনক তারিখ ও সময়ে প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা অথবা সৌজন্য সাক্ষাতের সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মনে করে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা শুধু তাঁর পরিবারের প্রত্যাশা নয়, বরং সাংবাদিক সমাজের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষার স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 October 2026

সাংবাদিক আলিফ হত্যা: নিরপেক্ষ তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল

www.prokashkal.com |
/Prokashkal