আজ- , ,

বাড়িতে মাদকসহ ৮৫ জন আটক, প্রত্যাহার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক: 

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে তাঁর মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর পূর্বাচলের রূপগঞ্জের কালনী এলাকায় ওই বাড়িতে সোমবার রাতে অভিযান শুরু করে ডিবি। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ রয়েছেন। অভিযানে মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বাড়িটিতে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হতো বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেল পর্যন্ত সেখানে তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ চলে।

এদিকে বাড়ির মালিক আবদুল্লাহ আল জহিরের দাবি, বিভিন্ন ব্যক্তি অস্থায়ীভাবে থাকা ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নিয়ম মেনে বাড়িটি ভাড়া নিতেন। সোমবার রাতেও জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়ার শর্তে মদ, ওয়াইন, মাদক ও অবৈধ কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল বলে জানান তিনি।

জহিরের ভাষ্য, বাড়িটিতে সাধারণভাবে ১০ জন এবং অতিরিক্ত বিছানার ব্যবস্থা করে সর্বোচ্চ ২০ জনের থাকার সুযোগ রয়েছে। দিনের বেলায় পারিবারিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৪০ জন অতিথি আসতে পারেন। বাড়িতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকলে তার দায় ভাড়াটিয়াদের বলে দাবি করেন তিনি।

ডিবি সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে ওই বাড়িতে আড্ডার প্রচারণা চালানো হচ্ছিল। এসব বিজ্ঞাপন দেখে বিভিন্ন স্থান থেকে লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে সোমবার মধ্যরাতে অভিযান শুরু করে ডিবির একটি দল।

তবে পার্টিতে কতজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং অতিথিদের পরিচয়পত্র যাচাই করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা মাদকের সুনির্দিষ্ট ধরন ও পরিমাণও জানায়নি পুলিশ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 October 2026

বাড়িতে মাদকসহ ৮৫ জন আটক, প্রত্যাহার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির

www.prokashkal.com |
/Prokashkal