
নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ‘কনটেমপোরারি বাংলাদেশ অ্যান্ড ওয়াল্ড অ্যাফেয়ার্স কোর্সের‘ কোর্সের অংশ হিসেবে জাতিসংঘের আদলে ‘বরেন্দ্র ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস (ভিইউএমইউএন) ২০২৫‘ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত এই শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক ইস্যু সমাধানের প্রক্রিয়া শেখার সুযোগ সৃষ্টি করে।
প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলো নিজ নিজ দেশের হয়ে বক্তব্য উপস্থাপন, অবস্থান ব্যাখ্যা এবং বিভিন্ন দাবি ও কূটনৈতিক প্রস্তাব তুলে ধরে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আয়োজিত অধিবেশনে ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ১২টি দল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইউক্রেন, উত্তর কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিত্ব করে।
উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা আনুষ্ঠানিকভাবে অধিবেশনের উদ্বোধন করেন এবং তিনি এ আয়োজনের জাতিসংঘ মহাসচিবের ভূমিকাও পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. তারিকুল আলম। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অধিবেশনটি পরিচালনা করেন বিভাগের কোঅর্ডিনেটর শাতিল সিরাজ।
অধিবেশন শেষে সেরা বক্তা, সেরা দল, সেরা লিডার, সেরা মেন্টর ও সেরা অরগানাইজার এই পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি শিক্ষার্থীদের উদ্যোগ ও পারফরম্যান্সের প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার পরামর্শ দেন। বিশেষ অতিথি মো. তারিকুল আলমও এই কর্মসূচিকে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরবর্তী সময়ে আরো বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।
প্রসঙ্গত, জার্নালিজম বিভাগের ‘কনটেমপোরারি বাংলাদেশ অ্যান্ড ওয়াল্ড অ্যাফেয়ার্স কোর্সের‘ কাজের অংশ হিসেবে এই অধিবেশনের আয়োজন করা হয়। এই আয়োজনে সমন্বয়কের দায়িত্বে ছিলেন কোর্স শিক্ষক আরআইএম গোলাম রাব্বানী।
অধিবেশনের জুরি প্যানেলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তাসনিয়া নাসরিন, বিবিএ প্রভাষক বিবেক মোর এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক গাজী রওসান হাবিব অনিকা।
অনুষ্ঠানটি সুষ্ঠু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য উপদেষ্টা হিসেবে ছিলেন, বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রাকিব হোসাইন, মোস্তাফিজুর রহমান ও সিনিয়র ১২ জন শিক্ষার্থী মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক তন্দ্রা মণ্ডল, আয়শা সিদ্দিকা, সাঈদ ইবরাহীম রিফাত, ফাতেমা-তুজ-জোহরাসহ বিভিন্ন বিভাগের ও সেমিস্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
