আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব স্থগিত

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর শাহ্ মখদুম কলেজে রসায়ন বিভাগের এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনার পর কলেজে ছাত্র রাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় কলেজের গভর্নিং বডির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শিক্ষকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে গভর্নিং বডির সদস্যরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে কলেজের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন শাহ্ মখদুম কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ খালিদ আলম। সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলাম, গভর্নিং বডির সদস্য ড. মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা মামুন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর মুর্শিদসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, রাজশাহীর শাহ্ মখদুম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান জুয়েলকে চাঁদা দাবির জেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও একই কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ শিহাবের বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থী শিহাবের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: