আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন যাত্রীদের ভোগান্তি কমাতে রাসিক প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

by Prokash Kal
১১ views

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর উদ্যোগে প্রথমবারের মতো চালু হওয়া ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের ব্যতিক্রমী এ উদ্যোগটি যাত্রীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঈদের আগে ও পরে মোট ৯ দিনব্যাপী চলা এই সেবামূলক কার্যক্রম শেষ হয় ২৮ মার্চ। এ সময় প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন সিটি কর্পোরেশনের ৩৬ জন শ্রমিক।

রাসিক সূত্রে জানা যায়, ট্রেনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের ল্যাগেজ ও আসবাবপত্র বহনে সহায়তা, হয়রানি প্রতিরোধ এবং সার্বিক যাত্রীসেবা নিশ্চিত করতে রেলওয়ে কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও নিরলসভাবে কাজ করেছেন।

এই সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ঢাকাগামী যাত্রী মোঃ আলমগীর হোসেন বলেন, পরিবারসহ ভ্রমণের সময় অতিরিক্ত লাগেজ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল। তখন সিটি কর্পোরেশনের কর্মীরা এগিয়ে এসে ব্যাগগুলো ট্রেনে তুলে দেন, যা ছিল অনেক বড় সহায়তা।

বেসরকারি চাকরিজীবী সুমি খাতুন জানান, বিনামূল্যের এই সেবা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ উদ্যোগ চালু থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরেক যাত্রী সাইফুল ইসলাম বলেন, প্রথমবারের মতো এমন সেবা পেয়ে ভালো লেগেছে। কর্মীদের পারিশ্রমিক দিতে চাইলে তারা তা নেননি এবং জানান, প্রশাসকের নির্দেশে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং তারা নিজেদের জনগণের সেবক হিসেবে দেখেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এটি চালু রাখা হবে কিনা, তা নির্ভর করবে জনগণের চাহিদা এবং রেলওয়ের লাইসেন্সপ্রাপ্ত কুলি/শ্রমিকদের সঙ্গে সমন্বয়ের ওপর।

উল্লেখ্য, ঈদে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে রাসিকের এ উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত