
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে সাংবাদিক শাহজামালের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার, উসকানিমূলক কর্মকাণ্ড ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দুর্গাপুর পৌর বিএনপি।
এ বিষয়ে বুধবার (১ জুলাই) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু ও সদস্যসচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন। লিখিত অভিযোগে বলা হয়, সাংবাদিক শাহজামাল দুর্গাপুর উপজেলার দেবীপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগকারীদের দাবি, তিনি সাংবাদিক পরিচয়ের আড়ালে এলাকায় রাজনৈতিক অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। বিভিন্ন সময় তিনি রাজনৈতিকভাবে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ জুন দুর্গাপুর থানার ফলিয়ার বিল এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে শাহজামালের যোগসাজশ ও সম্পৃক্ততা ছিল। পৌর বিএনপির নেতাদের দাবি, ওই মিছিলের পরিকল্পনা, সমন্বয় ও অর্থের জোগানের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল। বিষয়টি দলীয়ভাবে জানার পর তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়, শাহজামাল দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনে ভয়ভীতি দেখিয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করছেন। অভিযোগকারীরা দাবি করেন, উপজেলা সহকারী কমিশনারের ভূমি কার্যালয়ের এক কর্মচারীকে ঘিরে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে। এ ছাড়া অভিযোগে বলা হয়, শাহজামাল তাঁর সহযোগীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক গুজব ও অপপ্রচার চালাচ্ছেন। অভিযোগকারীদের দাবি, তিনি প্রকাশ্যে বলছেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে বিএনপিকে জবাব দেবেন। এ ধরনের বক্তব্যের কারণে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও জল্পনা-কল্পনা তৈরি হচ্ছে বলে লিখিত আবেদনে উল্লেখ করা হয়।
এবিষয়ে দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু বলেন, “আমরা আইন নিজের হাতে নিতে চাই না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছি। আমরা চাই, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “যেকোনো লিখিত অভিযোগ প্রশাসন গুরুত্বসহকারে দেখে। অভিযোগে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক মো. শাহজামালের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
