
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের একটি ছবি ফেসবুকে প্রকাশের পর সেখানে হুমকিসূচক মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক জানান, আটক যুবক পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাজ করছে। ডিএমপির চাহিদার পরিপ্রেক্ষিতে এসআরবি ওই যুবককে আটক করে ডিএমপির কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপির পক্ষ থেকে জানানো হবে।
গত মঙ্গলবার রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে যাতায়াত করেন। সফরকালে বাসে বসে থাকা প্রধানমন্ত্রীর একটি ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
ছবিটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিএনপির নেতারাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মন্তব্যকারীকে শনাক্ত করতে তৎপর হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
