
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ করতে রাতভর নিরাপত্তা কার্যক্রম তদারকি করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। তিনি নগরের মন্নুজান ঘাট ও পুলিশ লাইন্সের সামনের বটতলা ঘাটে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর সব পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালাক্রমে নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।
এ সময় বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিমা বিসর্জন কার্যক্রম সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয়।
নিরাপত্তা কার্যক্রম তদারকির সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া), উপপুলিশ কমিশনার (ডিবি), উপপুলিশ কমিশনার (এসআরইউ) ও আরএমপির মুখপাত্র, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া), বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
ধর্মীয় উৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মহানগর পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
