
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম।
শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকার রেললাইনের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজপাড়া থানার দাশপুকুর বউবাজার গ্রামের মো. সাজ্জাদের ছেলে মো. শাকিল হোসেন (৩০) এবং বহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. মাহাবুব হোসেন (২৮)।
আরএমপি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪১০ টাকা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
