
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তাঁদের কাছ থেকে ১৪৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২০ হাজার ৫৩০ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নগরীর কাশিয়াডাঙ্গা, শাহমখদুম ও রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরএমপি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অভিযান চালায় বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় ওই এলাকার ফটিক সরকারের ছেলে ফরহাদ আলী ওরফে পারভেজ (২৫) এবং গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাবুর ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত (২১)কে গ্রেপ্তার করা হয়।
তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা এবং মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি, দামকুড়া থানায় একটি এবং রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে, রিফাতের বিরুদ্ধেও কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে।
এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—উত্তর নওদাপাড়ার মৃত ইসরাইল হোসেনের ছেলে তুষার ইমরান (২৬), মধ্য নওদাপাড়ার মৃত রমজান আলীর ছেলে রায়হান ইসলাম (২৭), উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার সুরাপের ছেলে সাহারুপ আলী ওরফে রবিন (২২), একই এলাকার শরিফুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে সাব্বির (২৫) এবং আবু বক্করের ছেলে রাব্বি (২৬)।
এ সময় তাঁদের কাছ থেকে ৫৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১৫ হাজার ২০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ছাড়া বুধবার দুপুর পৌনে ১টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মতি চত্বর এলাকায় অভিযান চালিয়ে আলীগঞ্জ বাগারপাড়া এলাকার মাহাতাব আলীর ছেলে মুরাদ হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা ও ৬৩০ টাকা জব্দ করা হয়।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
