
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বেলপুকুর থানার চাঞ্চল্যকর আব্দুল করিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মাহাতাব আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১০, ঢাকার যৌথ অভিযানে ফরিদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার তুলাগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহাতাব আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৈতৃক জমিজমা নিয়ে বাদী মো. কালামের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১১ আগস্ট সকালে জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে আব্দুল করিমের সঙ্গে আসামিদের একজনের কথা-কাটাকাটি হয়।
পরে ওই দিন দুপুরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভড়ুয়াপাড়া এলাকায় একটি বাড়ির সামনে গিয়ে রফিক নামের এক ব্যক্তিকে গালিগালাজ করতে থাকে। এ সময় তাঁকে নিষেধ করলে মাহাতাব আলী রামদা দিয়ে রফিককে আঘাত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় আব্দুল করিম এগিয়ে এলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। পরে আরও একজন তাঁকে হাসুয়া দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল করিমের ভাই মো. কালাম বাদী হয়ে ১২ আগস্ট বেলপুকুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি বেলপুকুর থানার মামলা নম্বর-৫; এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৬, ৩০৭, ৩০২, ৩৪ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাতাব আলী গ্রেপ্তার এড়াতে পলাতক থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
