
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে পৃথক তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিন ব্যক্তি পালিয়ে যান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করে র্যাব-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল।
র্যাব-৫ সূত্রে জানা যায়, বাসপুকুর গ্রামের নরেশ, রঞ্জিত ও রিপনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁদের পৃথক বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে ২৫০ মিলিলিটারের ১৮০ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৪৫ লিটার।
পলাতক ব্যক্তিরা হলেন—বাসপুকুর গ্রামের নরেশ (৩০), তাঁর বাবা মঙ্গল; রঞ্জিত (৩৩), তাঁর বাবা সুকুলাল; এবং রিপন (৩২), তাঁর বাবার নাম জানা যায়নি।
র্যাব জানায়, উদ্ধার করা মদ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক তিন ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানায় মামলা করা হয়েছে।
