
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোড এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বাসিন্দা মৃত আক্তারুজ্জামানের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে মিতুলকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, গত ৮ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ পশ্চিম পুঠিয়াপাড়া গ্রামের মো. গণি আমিনের স্ত্রী মোছা. মিরা খাতুনের (৩০) বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় বাড়িটি তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মিরা খাতুনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
একই দিন রাত ১০টার দিকে পবা থানা পুলিশ মদনহাটি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মৃত অজিত রঞ্জন সাহার ছেলে মিঠুন সরকার (৪১) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৭ বছর বয়সী এক শিশুকে (ছদ্মনাম: মান্নাফ হোসেন) মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর বকপাড়া গ্রামের মৃত জহির স্বর্ণকারের ছেলে মো. ছদের আলীর (৭৫) বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার এবং বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
