
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর সিটি হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলকগুলো উন্মোচন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে গৃহীত এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান। অন্য প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক পুনঃস্থাপন করা হয়েছে
২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পের তিনটি ভিত্তিপ্রস্তর ফলক ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় এবং সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে স্থাপন করা হয়েছিল।
একই বছরের ৯ ফেব্রুয়ারি গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান। এ দুটি প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
অন্যদিকে, ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।
রাসিকের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে এসব উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপন ও উন্মোচনের মধ্য দিয়ে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি পুনরুদ্ধার করা হলো।
