আজ- , ,

রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। মতিহার ও কাটাখালী থানা পুলিশের সহায়তায় পৃথক এ অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে আরও এক ব্যক্তি পালিয়ে যায়।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মতিহার থানা পুলিশের সহায়তায় ধরমপুর নদীর ধার এলাকায় অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মীর চাঁদ আলী (২৬) কে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে মো. হাবিব (৩০) কৌশলে পালিয়ে যায়।

অভিযানে মীর চাঁদ আলীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া হাবিবের ফেলে যাওয়া ৩৮০ গ্রাম গাঁজা ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটও উদ্ধার করে পুলিশ।

এর আগে একই দিন রাত আনুমানিক ৯টার দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় শ্যামপুর নগরপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখানে মৃত আলিমুদ্দিনের স্ত্রী ও মৃত রহিমউদ্দিনের মেয়ে মোসা. মেহেরুন নেছা (৬০) কে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
19 October 2026

রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

www.prokashkal.com |
/Prokashkal