
রাজীব আলী,রাজশাহী:
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই যাত্রীর কা১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত সিপাহী আমিনুল ইসলাম পলাশ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই যাত্রীর একজন রুবেল (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামে। অপর যাত্রী অলিউল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামে। গত বুধবার রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান তাঁরা। রাত বেশি হওয়ায় স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন দুই যাত্রী।
প্ল্যাটফর্মে বসে খাবার খাওয়ার সময় আরএনবির সিপাহী আমিনুল ইসলাম পলাশসহ আরও দুজন তাঁদের কাছে যান। একপর্যায়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে জোরপূর্বক ১০ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ওই রাতেই আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগ দেওয়ার পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী তাঁদের সঙ্গে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে অভিযোগ প্রত্যাহারে রাজি হননি দুই যাত্রী।
এরপর স্টেশন ছেড়ে চলে যান আমিনুল ইসলাম পলাশ। বৃহস্পতিবার দিনভর তাঁকে স্টেশনে দেখা যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম বলেন, ‘আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অভিযুক্ত সিপাহী আরও দুজনের সহযোগিতায় দুই যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, পূজার ছুটির কারণে অফিস বন্ধ থাকায় রোববার (২৫ অক্টোবর) অভিযুক্ত সিপাহীকে তিন দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
