
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় আজিজুল প্রামাণিক (৩৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের বালুর পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল প্রামাণিক নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ভ্যান নিয়ে নরিনা থেকে শাহজাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ ট্রাকের সঙ্গে আটকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার শিকার হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা পুলিশের তদন্ত কর্মকর্তা নাজমুল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়।
