আজ- , ,

জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী অনিক

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে দলের সঙ্গে কাজ করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতার ধারাবাহিকতায় জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন অনিক। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন পোস্টে এ দায়িত্ব পাওয়ার কথা জানান তিনি।

অনিক নিয়োগী রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি রুয়েট ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে ক্লাবটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ক্রিকেটের প্রতি আগ্রহের পাশাপাশি তথ্য-উপাত্ত বিশ্লেষণের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে পেশাগতভাবে যুক্ত হয়েছেন অনিক।

গত আড়াই বছর ধরে বিসিবিতে কাজ করছেন তিনি। এর মধ্যে প্রায় দুই বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি দলটির দক্ষিণ আফ্রিকা সফরেও অংশ নেন তিনি। এ ছাড়া ২০২৬ সালের উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ নারী ‘এ’ দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরেও বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অনিক নিয়োগী। ওই দুই আসরে তিনি যথাক্রমে চিটাগং কিংস ও চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে যুক্ত ছিলেন। দুই আসরেই দল দুটি রানার্সআপ হয়।

আধুনিক ক্রিকেটে টিম অ্যানালিস্টের দায়িত্ব কেবল পরিসংখ্যান বিশ্লেষণে সীমাবদ্ধ নয়। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়ন, প্রতিপক্ষের ব্যাটিং ও বোলিংয়ের ধরন বিশ্লেষণ, ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কৌশল নির্ধারণে তাঁরা কোচিং স্টাফকে সহায়তা করেন। এসব বিশ্লেষণ দলের পরিকল্পনা প্রণয়ন ও খেলোয়াড়দের প্রস্তুতিকে আরও কার্যকর করতে ভূমিকা রাখে।

প্রকৌশল শিক্ষার প্রতিষ্ঠান রুয়েট থেকে উঠে এসে দেশের ক্রিকেটের জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে অনিক নিয়োগী বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের পেশাগত অগ্রযাত্রার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের সঙ্গে তাঁর এই দায়িত্ব পালন দেশের ক্রিকেটে বিশ্লেষণনির্ভর প্রস্তুতি ও কৌশল নির্ধারণে অবদান রাখার সুযোগ তৈরি করেছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
28 October 2026

জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী অনিক

www.prokashkal.com |
/Prokashkal