
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলেখালি এলাকায় ঐতিহ্যবাহী ত্রিপানী বিদ্যাপীঠ মাঠে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সুদীপ্তি যুব সংঘ ও আসিয়া দই ফিন্নি ভান্ডার ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ২-১ গোলের ব্যবধানে আসিয়া দই ফিন্নি ভান্ডার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুদীপ্তি যুব সংঘ।
খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সুদীপ্তি যুব সংঘ জয় নিয়ে মাঠ ছাড়ে।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক সরদার, প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিজভী।
টুর্নামেন্টটির আয়োজন করে সুদীপ্তি যুব সংঘ। দীর্ঘদিন পর ত্রিপানী বিদ্যাপীঠ মাঠে এমন বড় পরিসরের ক্রীড়া আয়োজনকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রতি সমর্থনে পুরো মাঠ পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
দর্শনার্থীরা দীর্ঘদিন পর এমন সুন্দর ও প্রাণবন্ত ক্রীড়া আয়োজন উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করার আহ্বান জানান এবং আয়োজক সুদীপ্তি যুব সংঘকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
