আজ- শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে শাহজাদপুর থানার এসআই (নিঃ) কান্তি কুমার মোদকের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ডাকবাংলো মোড় এলাকার পলক ডিপার্টমেন্টাল সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে মোঃ ইউসুফ ব্যাপারী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি শাহজাদপুরের কান্দাপাড়া গ্রামের মৃত সিদ্দিক ব্যাপারীর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরনের শার্টের বাম পকেটে থাকা একটি রয়েলস সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৮ পিস (০.৮ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ এরশাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় নারী পুলিশ সদস্যদের নিয়ে বিসিক বাসস্ট্যান্ড ও দারিয়ারপুর গ্রামের এলএসডি খাদ্য গোডাউনের গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোছাঃ নাসরিন খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি দারিয়াপুর (নতুনপাড়া) গ্রামের মোঃ মহিদুল ইসলামের স্ত্রী। নারী পুলিশের সহায়তায় বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার পরনের সালওয়ারের বাম টেমরে গোঁজা অবস্থায় ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শাহজাদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি এজাহার দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টহল ডিউটিও চলমান থাকবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: