
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সপুরা মঠপুকুর এলাকায় অভিযান চালিয়ে নাফিউল হক রাইম (২৭) ও খোন্দকার হেদায়েতুল ইসলাম হৃদয়কে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৭৫ মিলিলিটারের এক বোতল বিদেশি মদ (ক্যারিউস ইম্পেরিয়াল হুইস্কি) উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মথুরডাঙ্গা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. আমিনুল ইসলাম (৩০) নামের অপর একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
