আজ- শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এডিস মশার লার্ভা জন্মানোর সম্ভাব্য স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কার, ডোবা-নালা ও পুকুর থেকে কচুরিপানা অপসারণ এবং নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি সফল করতে পরিচ্ছন্নতা বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী মহানগরীর সুনাম রয়েছে। এ সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে এডিস মশার লার্ভা জন্মাতে পারে—এমন স্থান চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, ঝোপঝাড় পরিষ্কার, পুকুর ও ডোবা-নালা থেকে কচুরিপানা অপসারণ, নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়া এবং ড্রেনের পানিপ্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে নগরবাসীকে সচেতন করতে হবে। এ কাজে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও ওয়ার্ড সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় রাসিকের সচিব মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন ওয়ার্ডের সচিবেরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: