
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাঁদের জাতীয় পর্যায়ের জন্য গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর রাজশাহী বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। রবি আজিয়াটা পিএলসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
বাছাইপর্বে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে দুই নারী ক্রিকেটারসহ মোট ১৬ জন প্রতিভাবান বোলারকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়।
রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির রিজিওনাল হেড রাজু আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন নির্বাচিত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ‘রবি বোলার হান্টে আজ যারা নির্বাচিত হয়েছ, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তোমাদের প্রতিভাকে কাজে লাগিয়ে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
তিনি বলেন, ‘রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের ক্রিকেটে নতুন প্রতিভা উঠে আসবে।’
এ সময় তিনি প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য রবি আজিয়াটা পিএলসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান।
