আজ- , ,

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে রাজশাহীকে শান্তির নগরী গড়তে হবে: রাসিক প্রশাসক রিটন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শনিবার (৭ নভেম্বর) রাজশাহীর সিটি চার্চের হলরুমে খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ ভিন্ন হলেও সবাই বাংলাদেশের নাগরিক। তাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ নগরীর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, উন্নত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ, রাজশাহী জেলা শাখার সভাপতি পাস্টর সমর চৌধুরী।
সভায় প্রধান অতিথি রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিএবির পবা উপজেলা শাখার সভাপতি বুদ্ধিনাথ হাসদা, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু, মাসাউস সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মেরিনা হাসদাসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
07 November 2026

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে রাজশাহীকে শান্তির নগরী গড়তে হবে: রাসিক প্রশাসক রিটন

www.prokashkal.com |
/Prokashkal