আজ- , ,

রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

হামলার ৪৮ ঘণ্টার মধ্যে ভাটারা থেকে গ্রেপ্তার করল এসআরবি-৫

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে বিএনপি নেতা ও মাদকবিরোধী কমিটির উপদেষ্টা মো. জাহিদ হাসানকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানার মাদানী অ্যাভিনিউয়ে বসুন্ধরা এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি দল এসআরবি-১-এর সিপিসি-১, উত্তরা, ঢাকার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরাডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে জাহিদ হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ এলাকায় বিভিন্ন সময়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় পূর্বশত্রুতার জেরে সাইফুল আলম ড্যানিসহ সাতজন তাঁর ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জাহিদ হাসানের স্ত্রী বাদী হয়ে ৮ নভেম্বর বোয়ালিয়া থানায় হত্যা চেষ্টাসহ গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। মামলায় সাইফুল আলম ড্যানিসহ সাতজনকে আসামি করা হয়েছে।

এসআরবি জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল আলম ড্যানি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে ডিএমপির বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
09 November 2026

রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal