
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ নগরীর লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বহরমপুর গ্রামের মো. আলামিনের ছেলে মো. বিশাল (২০) ও মো. বুলবুলের ছেলে মো. শাকিব (২১)।
পুলিশ জানায়, অভিযানে বিশালের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, শাকিবের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার বিশালের বিরুদ্ধে রাজপাড়া থানায় আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে। শাকিবের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় পৃথক দুটি পেনাল কোড আইনে মামলা এবং রাজপাড়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
