
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে মদ জব্দ করা হলেও জড়িত কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাঘা থানার নাপিতের মোড় ১ নম্বর বাঁধ এলাকায় মাদক পাচারের গোপন তথ্য পেয়ে আলাইপুর বিওপির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় কাউকে পাওয়া না গেলেও জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫৮ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।
অন্যদিকে, রাত ২টা ১০ মিনিটের দিকে মতিহার থানার ফুলতলা নদীর পাড় এলাকায় মাদক পাচারের তথ্য পেয়ে তালাইমারী বিওপির টহল দল অবস্থান নেয়। কিছুক্ষণ পর আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৬০ বোতল ভারতীয় জেডি মদ ও ৩ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।
জব্দ করা মদ বাঘা ও মতিহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এসব মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
