আজ- , ,

পাঠদানের পাশাপাশি গবেষণায় ২৫ শতাংশ সময় দেওয়ার আহ্বান রুয়েট উপাচার্যের

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত শিক্ষকদের পাঠদানের পাশাপাশি গবেষণায় পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষকদের অন্তত ২৫ শতাংশ সময় গবেষণাকাজে ব্যয় করার পরামর্শ দেন।

সোমবার (২৩ নভেম্বর) রুয়েটের নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপাচার্য বলেন, একজন শিক্ষকের দায়িত্ব সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনা ও পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে। গবেষণায় সময় দেওয়ার মধ্য দিয়ে পাঠদানের উৎকর্ষ অর্জনের পাশাপাশি গবেষণাতেও সাফল্য সম্ভব।

শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা প্রশ্ন করা বন্ধ করে দিলে তাদের চিন্তাশক্তি ও শেখার আগ্রহ কমে যায়। শিক্ষকদের এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে প্রশ্ন করতে পারে এবং তাদের সৃজনশীলতা বিকশিত হয়। দক্ষ ও মানসম্মত স্নাতক তৈরি করে কর্মক্ষেত্রে পাঠানোর মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে শিক্ষকদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে টিচিং-লার্নিং প্রক্রিয়ার ভূমিকা রয়েছে। শিক্ষক হিসেবে নিজেদের আচরণ, উপস্থাপন ও কথা বলার ধরন পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে নতুন শিক্ষকরা রুয়েটের শিক্ষার মান আরও উন্নত করতে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 November 2026

পাঠদানের পাশাপাশি গবেষণায় ২৫ শতাংশ সময় দেওয়ার আহ্বান রুয়েট উপাচার্যের

www.prokashkal.com |
/Prokashkal