
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)। এ সময় ২৫৫ গ্রাম গাঁজা ও ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ও শনিবার (২১ নভেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), মতিহার, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২২ নভেম্বর রাত ৮টার দিকে মহানগর ডিবি পুলিশ মতিহার থানার বামনশিখড় উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন অর রশিদ ওরফে ভুট্টো (৫৭)কে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
একই দিন দুপুর সোয়া ১টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা গ্রামের চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. এবাদত হোসেন আমিন (২২)কে গ্রেপ্তার করে। তিনি মো. রিমনের ছেলে। তার বসতবাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, ২১ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মারুফ ইসলাম (১৯)কে গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার উপশহর নিউমার্কেট এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন রাত পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ মহানগরীর বর্ণালী মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সাব্বির (২৫)কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তিনি রাজপাড়া থানার বিলশিমলা গ্রামের ওহাবের ছেলে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
