আজ- , ,

রুয়েটে আসছেন শায়খ আহমাদুল্লাহ

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়জীবনের শেষ সময়ে ক্যাম্পাসে দ্বীনি জ্ঞানচর্চা ও ইসলামি মূল্যবোধের চর্চাকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২১–২২ শিক্ষাবর্ষের বিদায়ী ব্যাচ ‘ফাতিহ’২১’। এ লক্ষ্যে আগামী ২ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আয়োজকদের ভাষ্যমতে , প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা এবং ইসলামি জীবনবোধ জাগ্রত করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে পারে এমন প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা থেকে সম্মেলনটির পরিকল্পনা করা হয়েছে।

আয়োজক ব্যাচ ‘ফাতিহ’২১’-এর নামকরণের পেছনেও রয়েছে ঐতিহাসিক অনুপ্রেরণা। মাত্র ২১ বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয়ী সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.) এর ঈমান, সাহসিকতা ও দূরদর্শিতা থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাচটির এ নাম রাখা হয়েছে। বিদায়ী শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে স্মৃতিচিহ্ন রেখে যাওয়ার পাশাপাশি পরবর্তী ব্যাচগুলোর মধ্যে দ্বীনি চেতনা ও কল্যাণমুখী জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার ভাবনা থেকেই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে আয়োজক কমিটির প্রতিনিধি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, “কোনো ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরি করাই আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য। আমাদের অগ্রজ আবাবিল’১৯ ও সালসাবিল’২০ যে কল্যাণময় ধারার সূচনা করেছিলেন, আমরা কেবল সেই আমানতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিনীত প্রচেষ্টা করেছি।”

আয়োজকদের মতে, পেশাগত সাফল্য ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হওয়াও জরুরি। এ সম্মেলনের মাধ্যমে ঈমান, তাকওয়া, আত্মশুদ্ধি ও চারিত্রিক সততার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জ্ঞান ও মূল্যবোধের সমন্বয় ঘটাতে চান তাঁরা।

সম্মেলনের প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ ইসলামি জ্ঞানচর্চা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে দেশের তরুণদের মধ্যে পরিচিতি অর্জন করেছেন। তাঁর অংশগ্রহণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রুয়েটের কেন্দ্রীয় মাঠে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। নারী অংশগ্রহণকারীদের জন্যও রাখা হয়েছে পৃথক ও নির্ধারিত স্থান।

সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ২০ নভেম্বর সকাল ৮টা থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৫৯ টাকা এবং অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত ২০২১–২২ শিক্ষাবর্ষের অংশগ্রহণকারীদের জন্য বিশেষ প্যাকেজে থাকছে ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক ও একটি স্মারক চাবির রিং। নিবন্ধন সম্পন্নকারীরা নির্ধারিত পিকআপ পয়েন্ট থেকে সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন। পিকআপ পয়েন্টের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা ও মাঠের ধারণক্ষমতা বিবেচনায় অংশগ্রহণকারীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে রুয়েট শিক্ষার্থীদের মধ্যে দ্বীনি জ্ঞানচর্চা, নৈতিক দায়িত্ববোধ ও ইসলামি মূল্যবোধের অনুশীলন আরও বিস্তৃত হবে এবং ক্যাম্পাসে ইতিবাচক ও কল্যাণমুখী ধারার বিকাশ ঘটবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 November 2026

রুয়েটে আসছেন শায়খ আহমাদুল্লাহ

www.prokashkal.com |
/Prokashkal