নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দামকুড়া বাজার থেকে চেতনানাশক খাইয়ে এক অটোচালকের আট সিটের অটো ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া অটোটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রাকিব (৩২) চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার জগদইল গ্রামের তৈমুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে দামকুড়া বাজার থেকে কর্ণহার থানার কর্ণহার গ্রামের মৃত আজাদ আলীর ছেলে অটোচালক সাজিদ শেখ (১৮)কে চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ছিনতাইকারী চক্র। পরে তাঁর আট সিটের অটোটি নিয়ে পালিয়ে যায় চক্রটি।
এ ঘটনায় দামকুড়া থানায় দস্যুতার মামলা করা হয়। মামলার তদন্তে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলমের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই জাফর ইকবাল ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালান।
অভিযানের একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া আট সিটের অটোটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
