নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরপি পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল বালুবোঝাই ট্রাক। ভোরে সরদারপাড়া এলাকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
