নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। পরে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশ, দল ও নেতাকর্মীদের কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আরও নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান দলটির নেতারা।
