নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপশহরের সেক্টর-২-এর ৪৯ নম্বর হোল্ডিংয়ের একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পবা থানার বাগধানী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সজিব (২৭) এবং গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান (২০)।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার সাইদুর রহমানের ছেলে বিপ্লব আলী (৩৯) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যান। পরে গ্রেপ্তার দুজনের হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরএমপি জানায়, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
