আজ- , ,

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিক সংগঠন রুয়েট রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) প্রতিনিধিরা। সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ, আধুনিক নগর পরিকল্পনায় প্রকৌশলীদের সম্পৃক্ততা এবং রাজশাহী নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আরআরইউর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ রিফাত, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য এ.এস.এম. হাফিজ শাহরিয়ার এবং মো. নূর এ তাসনিম শীষ।

আলোচনায় রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সুযোগ অব্যাহত রাখা ও সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ বিষয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, চলতি বছর রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিবছরই এ কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমি থাকি না থাকি, এটি একবার চালু হয়েছে, চলমান থাকবে।” এ সময় তিনি রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে প্রথম ব্যাচে রুয়েটের ১৮ জন শিক্ষার্থী রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। রাসিক প্রশাসকের উদ্যোগে চালু হওয়া এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করছেন। প্রশাসক শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, প্রথমবারের মতো এ ধরনের সুযোগ পেয়ে ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

সাক্ষাতে আধুনিক নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে প্রকৌশলীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ফ্যাসিস্ট আমলে রুয়েট ক্যাম্পাসে নির্মিত অবৈধ স্থাপনা, পাবলিক টয়লেটের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের ব্যস্ত সড়কগুলোতে থাকা স্পিড ব্রেকারসহ কয়েকটি নাগরিক সমস্যা প্রশাসকের নজরে আনেন প্রতিনিধিরা। এসব বিষয় নগরীর অবকাঠামো, সড়ক নিরাপত্তা ও নাগরিক সুবিধার সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা নিয়েও আলোচনা হয়।

এর আগে গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ওই বৈঠকে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গঠন এবং রাসিক-রুয়েটের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সে সময় রুয়েট শিক্ষার্থীদের জন্য সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে রুয়েট শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে তাঁদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে নগর অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং উন্নয়ন প্রকল্পে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাঁদের পেশাগত দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
02 November 2026

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ

www.prokashkal.com |
/Prokashkal