
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল কফ সিরাপ ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রোববার রাতে উপজেলার একটি আমবাগান থেকে এসব বোতল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (২ নভেম্বর) এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১ নভেম্বর) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।
রাত সাড়ে ১০টার দিকে ওই আমবাগানের ভেতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা কয়েকটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা এবং ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। এ কারণে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধার করা বোতলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
