
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণার উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাসিক প্রশাসক আরও বলেন, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি সব সময় আপনাদের পাশে আছি। আসুন, সবাই মিলে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তুলি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিওর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ ছাড়া যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশিত হয়। অনুষ্ঠানে যুবসমাজের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্থানীয় যুব উন্নয়ন, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
