নিজস্ব প্রতিবেদক:
পদায়ন ঘিরে অসন্তোষ, বাসভবন ঘেরাও ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় যুবদল। রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে নতুন করে ১৩ নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে। এ ঘটনায় মহানগর যুবদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে।
শনিবার (২১ নভেম্বর) রাত থেকেই ঘোষিত পদায়নের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মাঠে নামেন। রাত ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দেন তারা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সেখান থেকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনে যান বিক্ষোভকারীরা। তবে বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান তারা।
বিক্ষোভকারীদের মূল আপত্তি ছিল নতুন পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত নিয়ে। শনিবার কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণের কথা উল্লেখ করে ১৩ নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে কয়েকজনকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই পদবণ্টন নিয়ে নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আপত্তি তীব্র হয়। বিক্ষুব্ধদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, মামলা, হামলা ও কারাভোগ করা নেতাদের মূল্যায়ন না করে বিতর্কিতভাবে পদ বণ্টন করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া এবং গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, অন্য একটি সংগঠন থেকে আসা নেতাকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করা নেতাদের যোগ্যতা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত করা হয়েছে।
মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভর অভিযোগ, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে যথাযথ নেতৃত্ব দিতে পারেননি। অন্যদিকে বিএনপির রাজনীতি করতে গিয়ে তারা ও তাদের পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিনের ত্যাগের পরও মূল্যায়ন না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। ত্যাগী নেতাদের মূল্যায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তখন আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হলে আহ্বায়কের পদ শূন্য হয়। পরে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তিনি আহ্বায়ক হন।
এরপর কয়েকজন নেতার বিএনপিতে যোগদানের প্রেক্ষাপটে গত ১৫ জুলাই মহানগর যুবদলের কমিটিতে আটজনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। কয়েক মাসের ব্যবধানে ২১ নভেম্বর আবারও কমিটিতে পরিবর্তন এনে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তকে ঘিরেই নেতাকর্মীদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়।
বিক্ষোভ ও অসন্তোষের পর রোববার (২২ নভেম্বর) বিজ্ঞপ্তি দিয়ে সর্বশেষ পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত বাতিল করে কেন্দ্রীয় যুবদল। ফলে ঘোষণার এক দিনের মধ্যেই নতুন পদবণ্টন নিয়ে সৃষ্ট বিতর্কে পিছু হটতে হলো কেন্দ্রীয় নেতৃত্বকে।
এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে জায়গা পাননি। একই কমিটিতে বারবার নতুন নেতাদের অন্তর্ভুক্তির ঘটনাও ঘটছে। নেতাকর্মীদের আবেগ ও ক্ষোভ থাকতেই পারে। ইতোমধ্যে কেন্দ্রীয় যুবদল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
অন্যদিকে, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।
